দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় সম্প্রতি ক্যান্সার চিকিৎসার ওষুধ উৎপাদনকারী একটি কারখানা এবং রাজধানী তেহরানের নতুন দেলারাম সিনা মানসিক হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তথ্য প্রকাশ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম।
ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং জানিয়েছে, দেশটির অন্যতম বড় অ্যান্টি-ক্যান্সার ওষুধ ও অ্যানেস্থেটিক উৎপাদনকারী প্রতিষ্ঠান মঙ্গলবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA জানিয়েছে, সোমবার রাতে তেহরানে দেলারাম সিনা মানসিক হাসপাতালটিতে হামলায় তীব্র ক্ষতি হয়েছে। তখন হাসপাতালে প্রায় ৩০ জন রোগী ছিলেন। হাসপাতালের প্রধান চিকিৎসক জানান, ‘দরজা ও জানালা ভেঙে গেছে, ভবনের দেয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে।’
ইরানির স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের সময় অন্তত ১৯০টি স্বাস্থ্য ও চিকিৎসা কেন্দ্র আক্রমণের শিকার হয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনের এক কর্মকর্তা জানান, সংস্থার ১৭টি কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ১০০টি অ্যাম্বুলেন্স নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ‘এগুলো শুধু যানবাহন নয়, এগুলো প্রায়শই বোমা পড়ার সময় মানুষদের একমাত্র আশ্রয়।’
হামলায় সাধারণ মানুষ এবং স্বাস্থ্যসেবার অবকাঠামোর ওপর মারাত্মক প্রভাব পড়েছে বলে সতর্কতা জারি করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো।
সূত্র: সিএনএন
এমএস/